নববর্ষের শোভাযাত্রায় ২ শতাধিক ব্যান্ডশিল্পী

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় গাইবেন দেশের দুই শতাধিক ব্যান্ড সংগীতশিল্পী। ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ গান দিয়ে শুরু হবে এবারের মঙ্গল শোভাযাত্রা। অংশ নেবেন প্রায় ৫০০ মিউজিশিয়ান, যাদের অনেকেই হাতে থাকবে গিটার ও প্যালেস্টাইনের পতাকা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাংস্কৃতিক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বাংলা ব্যান্ড মিউজিশিয়ানস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ফারুকী জানান, এবারের শোভাযাত্রার থিম নির্ধারণ করা হয়েছে কৃষক। এর মাধ্যমে দেশের কৃষি ও কৃষকের প্রতি শ্রদ্ধা এবং তাদের অবদানের স্বীকৃতি তুলে ধরা হবে। ফারুকী বলেন, ‘এবারের শোভাযাত্রায় দেশের ২০০ ব্যান্ড তারকা উপস্থিত থাকবেন। ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ গান গেয়ে শোভাযাত্রা শুরু হবে। আশা করছি ৫০০ মিউজিশিয়ান এতে যোগ দেবেন।’

তিনি বলেন, ‘সারা দেশে নানাবয়সী মিউজিশিয়ান ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তারা গিটার ও একটি প্যালেস্টাইনের পতাকা নিয়ে শান্তির বার্তা পৌঁছে দিতে নববর্ষের শোভাযাত্রায় অংশ নিতে পারেন।’

শুধু দেশের নয়, সারাবিশ্বের শান্তিকামনাই এবারের উৎসবের মূল বার্তা জানান ফারুকী। তার ভাষায়, ‘বিশে^র একটা দেশ ফিলিস্তিন। সেখানে যেভাবে গণহত্যা চলছে, এই পরিস্থিতিতে শুধু দেশের জন্য শুভকামনা করে নববর্ষ উদযাপন করতে পারি না। তাই আমরা সারা বিশ্বের শান্তিকামনা করে এবারের নববর্ষ বা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করব।’সংবাদ সম্মেলনে বাংলা ব্যান্ড মিউজিশিয়ানসের পক্ষে ওয়ারফেজের সদস্য শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘চৈত্র সংক্রান্তিও নববর্ষ উদযাপন ঘিরে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। এবার শোভাযাত্রা আরও বড় পরিসরে এবং বৈচিত্র্যপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এর অন্যতম আকর্ষণ হবে তারুণ্যনির্ভর ব্যান্ড সংগীতের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।’

তিনি আরও জানান, সময়োপযোগী কিছু বার্তা নিয়ে শতাধিক শিল্পী শোভাযাত্রায় অংশ নেবেন।