মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিল ৬৫০ শিক্ষার্থী

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছে ৬৫০ জন শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার সকালে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেয় তারা।

জানা গেছে, সকাল থেকে বৃষ্টি ও ঝড়ের সঙ্গে সঙ্গে লোডশেডিং শুরু হয়। পরে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় বসেন। ভারী বৃষ্টিতে কিছু কক্ষে পানি প্রবেশ করায় ও অন্ধকারে পরীক্ষায় অংশ নিয়ে দুর্ভোগে পড়ে শিক্ষার্থী।

এ ব্যাপারে জানতে চাইলে ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম বলেন, ‘সকাল থেকে প্রচুর বৃষ্টি ও ঝড়ের কারণে লোডশেডিং শুরু হয়। তবে আমরা চার্জার লাইট ও মোমবাতির ব্যবস্থা করেছি। পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হয়নি। এ কেন্দ্রে চারটি বিদ্যালয়ের মোট ৬৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা খুব সুন্দরভাবেই তাদের প্রথম পরীক্ষা সম্পন্ন করেছে।’