লিওনেল মেসি এখনো একা হাতেই ম্যাচ ঘুড়িয়ে দিতে পারেন। আরও একবার সেই ক্যারিশমা দেখালেন ফুটবলের জাদুকর। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের কাছে এক গোলে পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় লেগের শুরুতে আরও এক গোল খায় তারা। কিন্তু মেসির জোড়া গোল আর অ্যাসিস্টে শেষপর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে গেছে।
গত আসরে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল মায়ামি। মেক্সিকোর ক্লাব মনটেরের কাছে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যেতে হয়েছিল মায়ামিকে। এবার আর সেই ভাগ্য বরণ করতে হয়নি। কোয়ার্টার পেরিয়ে সেমিফাইনালে মায়ামি খেলবে কানাডার ভ্যানকুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে।
চেজ স্টেডিয়ামে প্রথমার্ধের ৯ মিনিটেই অধিনায়ক অ্যারন লং-এর গোলে এগিয়ে যায় লস অ্যাঞ্জেলেস এফসি। মনে হচ্ছিল ফ্লোরিডার মাঠেও প্রতিপক্ষের আধিপত্য চলবে। কিন্তু মেসির জন্য রাতটা ছিল অন্যরকম। ৩৪ মিনিটে বাঁ পায়ের এক দুর্দান্ত শটে গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন দলকে। যদিও এর আগে ফ্রি-কিক থেকে একবার জালভেদ করেও তা বাতিল হয় ভিএআরের সিদ্ধান্তে। দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি নামে আরও বেশি আগ্রাসী হয়ে। এবার মেসির বানিয়ে দেওয়া বল থেকেই আসে দ্বিতীয় গোল। নোয়াহ অ্যালেনের অ্যাসিস্ট থেকে ৬১ মিনিটে ফেডেরিকো রেদন্ডোর দক্ষতায় বল জড়ায় জালে। এরপরই গোল করে বসেন লুইস সুয়ারেজ, কিন্তু ভিএআরের ভুল সিদ্ধান্তে তা বাতিল হয়ে যায় একটি কাল্পনিক অফসাইড লাইনের খপ্পরে পড়ে।
তবে ভাগ্য মেসির সঙ্গে ছিল। কর্নার থেকে আসা এক বল ক্লিয়ার করতে গিয়ে নিজের হাতে বল লাগিয়ে ফেলেন মারলন। রেফারি প্রথমে না দেখলেও ভিএআরের ডাকে সিদ্ধান্ত পাল্টে পেনাল্টি দেন এবং সেই পেনাল্টি থেকে নিখুঁত ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে বহুদিনের প্রতিপক্ষ হুগো লরিসকে বোকা বানান মেসি। এ নিয়ে চলতি মৌসুমে ৯ ম্যাচে মেসির গোল হলো ৮। সব মিলিয়ে ক্যারিয়ার গোল দাঁড়াল ৮৫৮।
ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শক্ত ট্যাকলের শিকার হন মেসি। মাঠে শুরু হয় উত্তেজনা, কার্ড ঝড়ে মাঠ গরম। দুই পক্ষ মিলিয়ে ২৮টি ফাউলের ঘটনা ঘটে। হলুদ কার্ড দেখেন পাঁচজন ফুটবলার। শেষপর্যন্ত রেফারির বাঁশিতে নিশ্চিত হয় ৩-১ গোলের জয়, আর মোট স্কোর ৩-২। ম্যাচশেষে কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘এজন্যই ফুটবল খেলাটি সবচেয়ে সুন্দর। অন্য যেকোনো খেলার চেয়ে ফুটবলে ফিরে আসার বেশি সুযোগ থাকে। আমাদের খেলোয়াড়রা এ বিশ্বাস রেখেছিল বলেই এমন ফল এসেছে। এ জয় আমাদের সব খেলোয়াড়ের জন্য।’ সেমির আগে অবশ্য রবিবার মেজর লিগ সকারে শিকাগো ফায়ারের বিপক্ষে আরও একবার মাঠে নামবে মায়ামি।