আইপিএলের যে নিয়মে অসন্তুষ্ট জাস্টিন ল্যাঙ্গার

আইপিএলে খেলার জন্য সারাবিশ্বের ক্রিকেটারদের মাঝে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। নিলামে নাম নিবন্ধন করেন সহস্রাধিক ক্রিকেটার। প্রতি তিন বছর অন্তর মেগা নিলাম অনুষ্ঠিত হয়। তবে আইপিএলের এই নিয়মটা নিয়ে সন্তুষ্ট নন লখনৌ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার। কারণ, মেগা নিলামের আগে দলের বেশির ভাগ ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়। এতে শক্তিশালী দলগুলোর ক্ষতি হয়।

গতবারের আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলতেন লোকেশ রাহুল, মার্কাস স্টয়নিসের মতো ক্রিকেটারেরা। কিন্তু এবারের মেগা নিলামের আগে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় লখনৌ। পাঁচ জন ক্রিকেটার ধরে রেখে ২৭ কোটি রুপিতে দলে ভেড়ায় রিশাভ পান্তকে। কিন্তু পান্ত এখনও নামের সুবিচার করতে পারেননি। সে যাই হোক, মেগা নিলামের আগে এত ক্রিকেটার ছেড়ে দেওয়ার পক্ষপাতী নন ল্যাঙ্গার। তিনি ২০ জন ক্রিকেটারকে ধরে রাখার পরামর্শ দিয়েছেন।

একটি পডকাস্টে ল্যাঙ্গার বলেন, ‘গত মৌসুমে আমাদের দলে ২৫ জন ক্রিকেটার ছিল। তাদের মধ্যে মাত্র পাঁচ জনকে আমরা ধরে রেখেছিলাম, ২০ জনকে ছেড়ে দিতে হয়েছিল। তিন বছর পর পর মেগা নিলাম হওয়ায় সবকিছু নতুন করে শুরু করতে হয়। এটা অস্বাভাবিক। আর অন্য কোনো খেলায় এটা দেখা যায় না। আমার হাতে ক্ষমতা থাকলে ২০ জন ক্রিকেটারকে ধরে রাখার নিয়ম করতাম। সেটা তো আর সম্ভব নয়।’

পডকাস্টে ভারতীয় ক্রিকেটারদের প্রশংসাও করেছেন ল্যাঙ্গার। এতদিন তিনি মনে করতেন অস্ট্রেলীয়রা বেশি পরিশ্রমী হয়। কিন্তু আইপিএলে কোচিং করিয়ে তার ধারণা পাল্টে গেছে। ল্যাঙ্গার বলেন, ‘ভারতীয়রা যেভাবে পরিশ্রম করার জন্য মুখিয়ে থাকে, সেটা আমি আগে কোথাও দেখিনি! অনুশীলন, অনুশীলন আর অনুশীলন… পাগলের মতো অনুশীলন করে ওরা! আমি ভাবতাম অস্ট্রেলীয়রা বেশি পরিশ্রম করে, কিন্তু ভারতীয় ছেলেরা অন্য পর্যায়ের।’