লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহর দলবদল নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল। তিনি নাকি আর লিভারপুলে থাকবেন না- এমন কথাও শোনা গেছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করলেন সালাহ।
নিজেদের ভেরিফায়েড সোশ্যাল অ্যাকাউন্টে মোহাম্মদ সালাহর একটা ছবি পোস্ট করে লিভারপুল জানিয়েছে, ‘তিনি থাকছেন’। লিভারপুলের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন সালাহ। অর্থাৎ নতুন চুক্তি অনুযায়ী তিনি ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে থাকছেন। সালাহ বলেছেন, ‘এখানে থাকতে পেরে আমি ভীষণ খুশি। চুক্তি নবায়ন করেছি; কারণ আমি বিশ্বাস করি, একসঙ্গে অনেক বড় বড় ট্রফি জিততে পারব।’
লিভারপুলের ওয়েবসাইটকে মিসরীয় তারকা আরও বলেছেন, ‘আমি মনে করি, আমাদের অন্যান্য ট্রফি জয়ের সুযোগ আছে এবং নিজের খেলাটা উপভোগ করতে পারব। এটা দারুণ ব্যাপার, কারণ সেরা বছরগুলো এখানে কাটিয়েছি। ৮ বছর খেলেছি, আশা করি এটা ১০ বছর হবে। নিজের জীবন এবং ফুটবলটা এখানে উপভোগ করছি। ক্যারিয়ারের সেরা বছরগুলো এখানে কাটিয়েছি। ভবিষ্যতে আমরা আরও ট্রফি জিততে যাচ্ছি।’
উল্লেখ্য, এএস রোমা থেকে ২০১৭ সালে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন সালাহ। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, কমিউনিটি শিল্ড, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন। ৩৯৩ ম্যাচে ২৪৩ গোল করে হয়েছেন লিভারপুলের ইতিহাসে সালাহ তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। তবে প্রিমিয়ার লিগে ২৮৩ ম্যাচে ১৮২ গোল করে তিনিই শীর্ষে।