‘স্বার্থপর’ কোহলির কারণেই হেরেছে বেঙ্গালুরু?

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম

দিল্লি ক্যাপিটালসের কাছে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটের বড় পরাজয়ে অনেকেই দায় দিচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে। একটি রান-আউটের ঘটনায় বেঙ্গালুরুর স্কোর ১৬৩ রানে থেমে যায় বলে দাবি করা হচ্ছে। ফিল সল্টের সেই রান-আউটে কোহলির বড় ভূমিকা ছিল। পরে নিজেও ১৪ বলে ২২ রানের বেশি করতে পারেননি ভারতের ব্যাটিং কিং।

বিস্ফোরক ব্যাটিংয়ে বেঙ্গালুরুকে ভালো শুরু এনে দিয়েছিলেন ইংলিশ তারকা ফিল সল্ট। প্রথম ৪ ওভারেই ৬২ রান যোগ হয় স্কোরবোর্ডে। অক্ষর প্যাটেলের করা চতুর্থ ওভারের পঞ্চম বলে এক্সট্রা কাভারের দিকে বল ঠেলেই রান নিতে ছোটেন সল্ট। কোহলি সাড়া দিলেও পরেক্ষণেই সল্টকে ফিরে যেতে বলেন। সল্ট ততক্ষণে ক্রিজের অর্ধেক পেরিয়ে গেছেন। ফিরতে গিয়ে পা পিছলে পড়ে যান সল্ট। থামে ১৭ বলে ৩৭ রানের ঝড়।

সল্টের আউটে বেঙ্গালুরুর রানের গতি কমে যায়। পরের দুই ওভারে আসে মাত্র ২ রান! অনেকেই দাবি করছেন, নিজের উইকেট বাঁচাতে গিয়ে দলের বিপদ ডেকে এনেছেন কোহলি। নিজেও বড় স্কোর করতে পারেননি। সেই রান-আউটে বেঙ্গালুরু বড় ধাক্কা খায়। দ্রুত আউট হয়ে যান দেবদত্ত পাড়িক্কল (১), বিরাট কোহলি (২২), লিয়াম লিভিংস্টোন (৪), জীতেশ শর্মা (৩)। শেষদিকে টিম ডেভিড ২০ বলে ৩৭ না করলে বেঙ্গালুরুর রান আরও কম হতো।

রান তাড়ায় ব্যাট হাতে জ্বলে ওঠেন দিল্লির অধিনায়ক লোকেশ রাহুল। নিজের ঘরের মাঠে যে তিনিই সেরা, সেটা বুঝিয়ে দেন ৫৩ বলে ৭ চার এবং ৬ ছক্কায় অপরাজিত ৯৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে। যে উইকেটে দলের অন্য ব্যাটারেরা সমস্যায় পড়ছিলেন, সেখানেই অনায়াসে তাণ্ডব চালান রাহুল। অজি পেসার জস হ্যাজেলউডের এক ওভারেই নেন ২২ রান। বেঙ্গালুরুর স্কোর আরেকটু বেশি হলে হয়তো তিনি সেঞ্চুরিই করে ফেলতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত