আজ মাঠে নামলেই ইতিহাস গড়বেন ধোনি

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ফিরে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ইনজুরির কারণে ৪৩ বছর বয়সী ধোনিকে অধিনায়ক করা হয়েছে। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটিতে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে মাঠে নামলেই দারুণ এক ইতিহাসে নাম লেখাবেন।

২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসকে টানা নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাঝে দুই বছর চেন্নাই নিষিদ্ধ ছিল। পরে ২০১৮ সালে নিষেধাজ্ঞা কাটতেই ধোনিকে ফিরিয়ে আনা হয়। ২০২২ আইপিএল টুর্নামেন্টে ধোনিকে সরিয়ে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু প্রথম ৮ ম্যাচে দলের জঘন্য পারফরম্যান্সের পর জাদেজাকে সরানো হয়। ২০২৩ সালে ধোনির নেতৃত্বেই চেন্নাই চ্যাম্পিয়ন হয়েছিল।

আজ কলকাতার বিপক্ষে মাঠে নামলেই ধোনি নাম লেখাবেন ইতিহাসে। আইপিএল টুর্নামেন্টে প্রথম কোনো ‘আনক্যাপড ক্রিকেটার’ হিসেবে তিনি একটি দলকে নেতৃত্ব দেবেন। এর আগে এমন ঘটনা দেখা যায়নি। আইপিএলের নিয়মানুযায়ী, কোনো ক্রিকেটার যদি ৫ বছর কিংবা তার বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুরে থাকেন, তাহলে তাকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়।