ক্রিকেটে আবাহনী ফুটবলে বসুন্ধরা

‘তোরা যে যা বলিস ভাই, আমি আবাহনী-মোহামেডানের খেলা চাই’। ফুটবলে এমন কথা প্রচলিত ছিল বছর ১৫ আগেও। তবে আজ মিরপুরে এ দুই ক্লাব মুখোমুখি হবে ক্রিকেটে, ডিপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে। আর ফুটবলে মোহামেডানকে টক্কর দেবে টানা পাঁচবারের বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

১৮ পয়েন্ট চূড়ায় থাকা আবাহনী যদি মোহামেডানকে হারিয়ে দেয়, তবে মতিঝিল পাড়ার ক্লাবটির চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে যাবে তারা। ২০ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে রাজত্ব করবে। গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন, ‘প্রতি বছর যেমন একটা রোমাঞ্চ কাজ করে, এবারও একই রকম। দিন শেষে এটা একটা খেলা। তবে যেহেতু আবাহনী-মোহামেডান ম্যাচ, তাই সব সময় মানুষের তো একটা বাড়তি চাওয়া থাকেই। আশা করি, কালকের (আজ) ম্যাচটা রোমাঞ্চকর হবে।’ আর ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান জিতলে আবাহনীর সমান পয়েন্ট অর্জন করবে। যদিও রানরেটে পিছিয়ে থাকায় শীর্ষস্থানে যাওয়া হবে না তাদের। তবে পয়েন্ট সমান থাকায় সুপার সিক্সের লড়াইটা জমে উঠবে। সেই পর্বে ৫ ম্যাচে ১০ পয়েন্ট অর্জনের সুযোগ থাকবে। যারা বেশি পয়েন্ট পাবে তারাই শেষ হাসি হাসবে।

বিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে (১০ ম্যাচে ২৭ পয়েন্ট) থাকা মোহামেডান এবং তিন নম্বরে থাকা (১০ ম্যাচে ২০ পয়েন্ট) বসুন্ধরা কিংস। ম্যাচটি হবে কিংস অ্যারেনায়। এই ম্যাচের ফলাফল প্রভাব ফেলবে লিগ শিরোপা নির্ধারণীতে। আজ হারলে শিরোপা ধরে রাখার স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে যাবে স্বাগতিক কিংসের। এবার লিগের প্রথম দেখায় কুমিল্লায় মোহামেডান জিতেছিল ১-০ গোলে। এছাড়াও লিগে আজ আছে আরও দুটি ম্যাচ। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আবাহনী (১০ ম্যাচে ২৩ পয়েন্ট) মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্সের। ব্রাদার্স খেলবে ফর্টিসের বিপক্ষে। ১৬ দিনের বিরতি শেষে শুক্রবার থেকে আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। গতকাল ছিল দুটি ম্যাচ। ম্যাচে ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়ে চট্টগ্রাম আবাহনী বিশেষ জার্সি পরে মাঠে নেমেছিল। কিন্তু মুন্সীগঞ্জে ২-০ গোলে তারা হেরে গেছে রহমতগঞ্জের কাছে। গাজীপুরে পুলিশ এফসি ৩-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্সকে।