গতকাল শুক্রবার থেকে মাঠে গড়িয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আজ ১২ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে পেশোয়ার জালমি। সেই ম্যাচের আগেরদিন সন্ধ্যায় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বিরিয়ানি খাইয়েছেন পেশোয়ারের মালিক জাভেদ আফ্রিদি! বাবর আজমদের ভরপেট বিরিয়ানি খাওয়া দেখে হতবাক হয়েছেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বিশ্লেষকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভুঁড়িভোজের ভিডিওতে দেখা যাচ্ছে, বিরিয়ানির প্লেটের দিকে একমনে তাকিয়ে আছেন বাবর। দলের মালিক জাভেদ নিজেই সবারর প্লেটে বিরিয়ানি তুলে দিচ্ছেন। মাঝে বাবরকে দেখা যায়, কাউকে ইশারায় খেতে ডাকছেন। সারাক্ষণ খাবার নিয়েই ব্যস্ত তিনি। ক্রিকেটারদের প্লেটে যে পরিমাণ বিরিয়ানি দেখা যাচ্ছে, সেটা দেখে আঁতকে উঠেছেন সমর্থকেরা।
অনেকেই বলছেন, ম্যাচের আগের দিন এত বিরিয়ানি খেলে ক্রিকেটারেরা কীভাবে মাঠে পারফর্ম করবেন? পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস ও ফিল্ডিংয়ের মান নিয়ে বার বার সমালোচনা হয়। একজন ক্রিকেটারের ফিটনেসের জন্য বিরিয়ানি উপযোগী নয় বলেও অনেকের মত। অনেকে বিরাট কোহলির উদাহরণ টেনে তার ফিটনেস ঠিক রাখার প্রক্রিয়া থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন বাবরদের।
এবারের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গেও একচোট উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বাবরের। প্রশ্ন ছিল, পাকিস্তান ক্রিকেটের এই খারাপ সময়ে বাবর কেন চুপ? জবাবে বাবর বলেন, ‘আমি যেখানে বলার সেখানেই বলি। আমার কিছু বলার থাকলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বলব। চার দেওয়ালের মাঝে বলব। এভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে ঢাকঢোল বাজিয়ে নিজেকে জাহির করব না।’