আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে অবৈধ বেটিংয়ে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ইতালিয়ান সিরি আ লিগ ঘিরে অবৈধ বেটিংয়ের তদন্তে উঠে এসেছে এই দুজনসহ অন্তত ১০ জনের নাম। তবে আর্জেন্টিনার দুই তারকা বেটিংয়ের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন।
ডি মারিয়া ও পারেদেস একসময় সিরি আ লিগের দল জুভেন্তাসে সতীর্থ ছিলেন। ইতালিয়ান গণমাধ্যম জানিয়েছে, গত বছর বেটিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতায় অভিযুক্ত ও শাস্তি পাওয়া ফুটবলার সান্দ্রো তোনাল্লি ও নিকোলো ফাগিওলির মোবাইল ফোন যাচাই করে বেটিংয়ে সংশ্লিষ্ট অ্যাথলেটদের একটি নেটওয়ার্কের খোঁজ পাওয়া যায়। এর মাঝে ফাগিওলি জুভেন্টাসে ডি মারিয়া ও পারেদেসের সতীর্থ ছিলেন।
বেটিংয়ে সংশ্লিষ্টতা অস্বীকার করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ২০২২ বিশ্বকাপজয়ী উইঙ্গার ডি মারিয়া লিখেছেন, ‘সংবাদমাধ্যমে প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে স্পষ্ট করতে চাই, আমি কখনো কোনো রকম অবৈধ বেটিং করিনি।’ একই দাবি করেছেন পারদেসও। তিনিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সাম্প্রতিক গুঞ্জনের পরিপ্রেক্ষিতে স্পষ্ট করতে চাই, আমি কখনো কোনো ধরনের অবৈধ বেটিং করিনি এবং এর সঙ্গে জড়িত নই।’
সিরি আ লিগের খেলোয়াড়দের বিরুদ্ধে দুটি অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মাঝে আছেন- রাউল বেলানোভা (তুরিনো), আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি (এসি মিলান), স্যামুয়েল রিচি (তুরিনো), নিকোলো জানিলো (ফিওরেন্তিনা), ওয়েস্টন ম্যাককেনি (জুভেন্টাস), মাত্তেও কানসেল্লিয়েরি (পার্মা), ক্রিস্টিয়ান বুয়োনাইতো (পাদোভা), জুনিয়র ফিরপো (লিডস), মাত্তিয়া পেরিন (জুভেন্টাস), টেনিস খেলোয়াড় মাত্তেও জিগান্তে প্রমুখ।