এখনো প্লে অফের আশা দেখছে ধোনির চেন্নাই

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১২:২৮ পিএম

মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কত্ব ফিরিয়ে দিয়েও জয়ের দেখা পেল না চেন্নাই সুপার কিংস। গতকাল কলকাতা নাইট রাইডার্সের কাছে তারা ৮ উইকেটের বিশাল ব্যবধান হেরেছে। এই নিয়ে ৬ ম্যাচের পাঁচটিতেই হারল পাঁচবারের শিরোপাজয়ী দলটি। মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নবম স্থানে থাকা চেন্নাই এখনো প্লে-অফের স্বপ্ন দেখছে।

চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি বলেছেন, ‘এখনই হার মেনে নিচ্ছি না। আমাদের প্লে অফের জন্য চেষ্টা করতে হবে, জয়ের ধারায় ফিরতে হবে। এই মুহূর্তে আমরা ভালো খেলছি না। তবে এই অবস্থার যে পরিবর্তন হবে না, সেটা ভেবে নেওয়া ঠিক নয়। কয়েকটা ম্যাচে জিতলেই পরিস্থিতি বদলে যাবে, আমরা আত্মবিশ্বাস ফিরে পাব। এখনও অনেক ম্যাচ বাকি। প্লে-অফে ওঠার লড়াইয়ে আমরা হয়তো নীচের দিকে থাকব। তবে আমাদের বিশ্বাস আছে।’

সাধারণত আইপিএলের প্লে-অফে ওঠার জন্য সাত বা আটটি ম্যাচ জিততে হয়। চেন্নাইয়ের এখনও আটটি ম্যাচ বাকি। ফলে তাদের প্লে অফে ওঠা অংকের হিসেবে এখনো সম্ভব। কিন্তু সেটা কত কঠিন হতে পারে তা বলাই বাহুল্য। যদি তারা আটটির মধ্যে সাতটিতে জিততে পারে, তা হলেও প্লে-অফে ওঠার সম্ভাবনা থাকবে। যদি শেষ ৮ ম্যাচের মধ্যে চেন্নাই তিনটিতে হেরে যায়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ১২। এই পয়েন্ট প্লে অফে ওঠার জন্য যথেষ্ট হবে না।

আইপিএলের আরেক হাইভোল্টেজ দল মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থাও করুণ। ৫ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে আছে হার্দিক পান্ডিয়ার দল। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে আরেক সাবেক শিরোপাজয়ী দল সানরাইজার্স হায়দরাবাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত