খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী কবরস্থানের মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মুকরিমা বিনতে মোহন (৯) নামের এক শিশু। শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু ঢাকার কামরাঙ্গীরচরের যাওলা গ্রামের মোহন ব্যাপারীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি ইটবোঝাই ট্রলি শিশুটিকে ধাক্কা দেয়। এতে মুকরিমা মাথায় গুরুতর আঘাত পায়। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, জরুরি বিভাগের চিকিৎসক সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।