চিকিৎসা শেষে দেশে ফিরেই মিরপুরে তামিম ইকবাল

উন্নত চিকিৎসার জন্য হৃদরোগে আক্রান্ত গিয়েছিলেন সিঙ্গাপুরে। সেখান থেকে গতরাতে দেশে ফিরেছেন তিনি। আজ দুপুরের পর মোহামেডান-আবাহনী প্রিমিয়ার লিগ খেলা দেখতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গিয়েছিলেন তামিম। মিরপুরে এসে তিনি বসেন মোহামেডানের ড্রেসিংরুমে। অসুস্থ হওয়ার আগপর্যন্ত এই দলের অধিনায়ক ছিলেন। 

ক্রিকেটপ্রেমীরা উন্মুখ হয়ে আছেন তামিমের সর্বশেষ অবস্থা জানার জন্য। এ বিষয়ে আজ শনিবার তামিমের চাচা তথা সাবেক অধিনায়ক আকরাম খান সাংবাদিকদের বলেন, ‘সিঙ্গাপুরে গিয়ে ওর চেকআপ করা হয়েছে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় সবকিছু ঠিক আছে। আপনারা দোয়া করবেন।’

উল্লেখ্য, গত ২৪ মার্চ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম। পরে তাকে পাশেই কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় আসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে নেওয়া হয় বিকেএসপির মাঠে। কিন্তু কেপিজে হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরে হেলিকপ্টারে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন তামিম।

তখন তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। পালস পাওয়া যাচ্ছিল না। আকস্মিক এই পরিস্থিতিতে কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না কেউ। তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও তাকে কেপিজে হাসপাতালে ফিরিয়ে নেও্য়া হয়। দেওয়া হয় সিপিআর। হাসপাতালে প্রথমে তামিমকে রাখা হয় লাইফ সাপোর্টে। পরীক্ষা নিরীক্ষার পর তার বুকে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে রিং পরানোর পর তামিমের জ্ঞান ফেরে।

কেপিজে হাসপাতালে এক দিন থাকার পর তামিমকে এভারকেয়ারে নিয়ে আসা হয়। সেখান থেকে গত ২৮ মার্চ শুক্রবার তিনি বাসায় ফিরে যান। ওই সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন, স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের। এরপর গত ৮ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন তামিম।