মুন্সীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ শেখ হৃদয় (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ইয়াবা বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক হৃদয় ওই উপজেলার পশ্চিম বাঘরা এলাকার বাসিন্দা।

র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালক শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভাগ্যকূল এলাকায় অভিযান চালায়। এসময় মোটর সাইকেল তল্লাসি করে ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদক কারবারী শেখ হৃদয়কে আটক করা হয়।

তিনি আরও জানান, হৃদয় পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।