শাহজাদপুরে দু‘গ্রুপের সংঘর্ষে আহত ২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘গ্রুপের সংঘর্ষে ২০জন আহত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে বড় ধুনাইল গ্রামে মূসা গ্রুপের সাথে হালিম গ্রুপের পূর্ববিরোধ ও আধিপত্যকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। এরই ধারাবাহিকতায় এদিন সকালে তারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে ২০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কিছু বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহলের ব্যবস্থা করা হয়েছে।