এখনো আন্দোলন শেষ হয়নি : দুদু

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যততিন আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে না পারব ততদিন আমাদের রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে। এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি। গতকাল শনিবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার দ্যা গ্র্যান্ড দাদু বাড়ি রিসোর্ট সেন্টারে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান।

দুদু আরও বলেন, আমরা একটি দানবিক ও খুনি হাসিনা সরকারকে ৫ আগস্ট বিদায় দিয়েছি। যে সরকার বাংলাদেশকে, বাংলাদেশের সংবিধানকে তছনছ করেছে। বলা যায় বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে। শামসুজ্জামান দুদু আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরে বা তার দুই এক মাস আগে পরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। যে নির্বাচনে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের নির্ধারিত রোড ম্যাপ দেখতে চায়। রোড ম্যাপ হয়ে গেলেই নির্বাচনের পদক্ষেপ স্বরুপ নির্বানী বোর্ড গঠন ও প্রার্থী ঘোষণা করা থেকে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। তখন বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে। এর আগেও ভোটের মাধ্যমে কয়েকবার বিএনপি ক্ষমতায় গেছে। আবারও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে।