নেত্রকোনার মদনে ছাগলে ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইমাম হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমাম হোসে আখাশ্রী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আখাশ্রী গ্রামের কৃষক সোনাতন মিয়ার একটি বোরো জমির ধান খাচ্ছিল একই গ্রামের আকবর মিয়ার ছাগল। এ নিয়ে শনিবার বিকেলে দুই কৃষকের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর মধ্যে আহত ইমাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাতে সেখানেই মারা যান তিনি।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, লাশ এখনো ময়মনসিংহ মর্গে রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।