মদনে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

নেত্রকোনার মদনে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে আহতদের মধ্যে আশঙ্কাজনক ৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এর আগে দুপুরে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামে কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধনপুর গ্রামের মতিউর রহমানের সমর্থকদের সঙ্গে একই গ্রামের তাইজুল ইসলামের সমর্থকদের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এই ঘটনাকে কেন্দ্র করে গত এক মাস আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে পূর্বে বিরোধকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নয়ন ঘোষ জানান, সংঘর্ষের ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার জানান, ধনপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধে কয়েকদিন আগেও সংঘর্ষ হয়েছে। আগের ঘটনায় মামলা চলমান। শনিবার আবার সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত