শেরপুরের সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর মাহবুবুর রহমান ওরফে আনন্দ (২৭) নামে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের ঈদগা মাঠের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত সবজি ব্যবসায়ী মাহবুবুর রহমান ওরফে আনন্দ শেরপুর সদর উপজেলার ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান আকন্দ পেশায় একজন সবজি ব্যবসায়ী । তিনি গত শুক্রবার (১১ এপ্রিল) বাড়ি থেকে বের হওয়ার পর রাতে বাড়ি ফিরে আসেননি। রবিবার সকালে ডাকপাড়া গ্রামের ঈদগা মাঠের পাশে ভুট্টা ক্ষেতে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে শেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জোবায়দুল আলম ও উপ-পরিদর্শক (এসআই) আ. খালেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে নিহত মাহবুবুর রহমান ওরফে আনন্দর লাশ উদ্ধার করে।
পুলিশ ধারণা করছে মাহবুবুর রহমান ওরফে আনন্দকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে।
ওসি মো. জোবায়দুল আলম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।