রিজওয়ানের মন খারাপ করে দিয়ে ভিন্স পেলেন হেয়ার ড্রায়ার

পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় দিন শনিবার মুলতান সুলতানসের ২৩৫ রান তাড়া করে ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় করাচি কিংস।  জয়ের নায়ক ছিলেন ইংলিশ ব্যাটার জেমস ভিন্স। টপ অর্ডারে নেমে মাত্র ৪৩ বলে ১০১ রানের এক অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান তিনি। 

করাচিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ব্যাট হাতে ঝড় তোলেন, ৬৩ বলে অপরাজিত ১০৫ রান করেন। তার সঙ্গে কামরান গুলাম ১৯ বলে ৩৬ ও মাইকেল ব্রেসওয়েল ১৭ বলে ৪৪ রান যোগ করলে মুলতান বোর্ডে ২৩৪/৩ রান তুলে ফেলে।

জবাবে ব্যাট করতে নেমে করাচির ইনিংসের শুরুটা ভালো না হলেও জেমস ভিন্স ও খুশদিল শাহ (৩৭ বলে ৬০) জুটি গড়ে ম্যাচে ফিরে আসে করাচি। শেষ ওভারে যদিও ম্যাচ ছিল রোমাঞ্চকর, তবুও করাচি ৪ উইকেটে জয় নিশ্চিত করে। মুলতানের হয়ে আকিফ জাভেদ ৩টি উইকেট নেন, তবে তা যথেষ্ট হয়নি।

ম্যান অব দা ম্যাচের নির্ধারিত পুরস্কার নিয়েছেন জেমস ভিন্স। কিন্তু করাচি কিংসের ড্রেসিং রুমে তাকে দেয়া হয় বিশেষ এক পুরস্কার। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে একটি হেয়ার ড্রায়ার ভিন্সের হাতে তুলে দেন করাচির কিংসের ম্যানেজার।