শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে কুয়া খনন করতে গিয়ে নারায়ণ কোচ (৪৫) ও নিরঞ্জন কোচ (৩৫) নামে দুই আদিবাসীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৩) এপ্রিল বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া (ভুইয়াবাড়ী) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন কোচ ভুইয়াবাড়ীর নীল মহন কোচ ও নারায়ণ কোচ রাংটিয়ার নীপুরাম কোচের ছেলে এবং তারা পরস্পর ভায়রা ভাই।
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নারায়ণ কোচ তার বাড়িতে পানি সরবরাহের জন্য মাটির একটি গভীর কূয়া খনন করে। রবিবার ছিল কুয়া খননের শেষ দিন। খনন শেষে কুয়ার নিচে কিছু ময়লা-আবর্জনা থাকায় তা পরিষ্কারের জন্য প্রথমে নারায়ণ কোচ নিচে নামে।
এসময় কুয়ার গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় নারায়ণ কোচ জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই কায়দায় নিরঞ্জন কোচও জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে দুই আদিবাসীর মৃত্যুতে এলাকায় গভীর সুখের ছায়া নেমে আসে।
তাৎক্ষণিক খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উভয়কে গভীর কুয়া থেকে মৃতবস্থায় উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কুয়ার গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।