লাহোরের আইসিসি নারী বিশ্বকাপ বাছাইয়ে জমজমাট এক ম্যাচে অদম্য লড়াই করে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শেষদিকে রিতু মনির অবিশ্বাস্য দৃঢ়তা আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ফিফটিতে ভর করে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের ইতিহাস গড়েছে।
গতরাতে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। মাত্র দুই রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায়। কিন্তু তখনই অধিনায়ক জ্যোতির ব্যাটে জ¦লে ওঠে আশার আলো। শরমিন আখতারের (২৩) সঙ্গে গড়েন ৫২ রানের জুটি। যদিও শরমিন আউট হতেই আবারও বিপদে পড়ে যায় দল। তবুও এক প্রান্ত ধরে রেখে জ্যোতির অনবদ্য ফিফটি (৫১ বলে ৬৮) দলকে ম্যাচে রাখে।
এরপর একে একে ফাহিমা খাতুন (২৮), জান্নাতুল ফেরদৌস (১৯) কিছু অবদান রাখলেও ম্যাচ হেলে পড়ে আয়ারল্যান্ডের দিকেই। ঠিক তখনই বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন রিতু মনি। ৬১ বলে অপরাজিত ৬৭ রানের এক অনবদ্য ইনিংস খেলে তিনি বাংলাদেশকে এনে দেন রোমাঞ্চকর এক জয়। নয় নম্বরে নেমে নাহিদা আখতারের (১৮*) সঙ্গে ৫৪ রানের জয়সূচক জুটি গড়ে দলকে জয় এনে দেন রিতু। এ জুটিও বাংলাদেশের রেকর্ড। আগের রেকর্ড ছিল জাহানারা আলম ও পান্না ঘোষের ৩৭ রান।
তার আগে টস জয়ী আয়ারল্যান্ড ৫০ ওভারে তোলে ২৩৫ রান। গ্যাবি লুইস ও অ্যামি হান্টারের ৫০ রানের জুটির পর লরা ডেলানি ও অরলা প্রেন্ডারগাস্টের ৭২ রানের পার্টনারশিপ ছিল ইনিংসের হাইলাইট। ডেলানি করেন ৬৩ আর প্রেন্ডারগাস্ট আউট হন ৩৪ রানে।
বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ৩ উইকেট ও ফাহিমা খাতুন ২ উইকেট নেন। টানা দুই ম্যাচ জয়ী বাংলাদেশ আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে।