চলে গেলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক শেহাবউদ্দিন আহমেদ নাফা (৭৬)। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ছাত্রজীবনে চৌমুহনী থেকে প্রকাশিত সাপ্তাহিক কৈফিয়ত পত্রিকার সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করলেও পরে বার্তা সংস্থা এনা, বাসস, ইনডিপেনডেন্ট, ডেইলি স্টার ও অধুনালুপ্ত বাংলাদেশ টাইমসসহ দীর্ঘদিন বিভিন্ন ইংরেজি দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার ছিলেন।
দীর্ঘ রোগে আক্রান্ত হওয়ার আগে কর্মজীবনের শেষ পর্যন্ত তিনি ইংরেজি মাধ্যম সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কয়েকটি পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও তিনি কাজ করেন।