পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, একটা অভ্যুত্থানের সবচেয়ে বড় দায়বদ্ধতা যে, শহীদ পরিবার ও আহতদের সঙ্গে থাকা। শহীদ পরিবারটা যেন আমাদের পরিবার হয়ে উঠে। এক দেড় হাজার পরিবারের কাছে আমরা চাইলেই যেতে পারিনা। কিন্তু যখন যেই এলাকায় যাই, আমাদের যে শহীদ পরিবার থাকে, আমরা চেষ্টা করি সেই শহীদ পরিবারের বাসায় যাওয়ার, তাদের খোঁজ খবর নেওয়ার এবং আমাদের জায়গা থেকে যেটুকু করা দরকার সেটি করার চেষ্টা করি।
গতকাল রবিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নায়েকপাড়া এলাকায় জুলাই অভ্যুত্থানে শহীদ সাগর ইসলামের পরিবারের খোঁজ খবর নেওয়া ও কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাংলা নববর্ষ পালন নিয়ে সারজিস বলেন, বিগত ১৬ বছর দেশে বাংলা নববর্ষ উদযাপনে দলীয় প্রভাবের পাশাপাশি বিদেশি রাষ্ট্রেরও প্রভাব ছিল। বিগত বছরের নববর্ষগুলোতে খুব স্বাভাবিকভাবেই শুধু দলীয় নয়, বিদেশি রাষ্ট্রের প্রভাব আমরা দেখেছি। তাদের মতো করে দলের যেমন ছিল, তেমনি বিদেশি রাষ্ট্রের এজেন্সির ওইরকম কনসেপ্ট তৈরি করে এই নববর্ষগুলোতে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো।