মারাত্মক ফাউল করে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে

আলাভেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয়ের ম্যাচে লাল কার্ড দেখেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের প্রথমার্ধে তিনি প্রতিপক্ষের এক খেলোয়াড়কে মারাত্মক ফাউল করে বসেন। রেফারি শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখায়। ম্যাচ শেষে ফরাসি তারকা অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। তবে তার জন্য অপেক্ষা করছে শাস্তি।

১-০ গোলে রিয়ালের জয়ের ম্যাচের ৩৮তম মিনিটের ঘটনা। আলাভেস মিডফিল্ডার আন্তোনিও ব্ল্যাঙ্কোর পায়ে কড়া ট্যাকল করেন এমবাপ্পে। শুরুতে রেফারি হলুদ কার্ড দেখান এমবাপ্পেকে। তবে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। ম্যাচ শেষে কোচ আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি বলেছেন, ‘এমবাপ্পে কোনো সহিংস খেলোয়াড় নয়। সে তার ভুল বুঝতে পেরেছে এবং ক্ষমাও চেয়েছে।’

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে রিয়ালের ডাগ-আউটে ছিলেন না কার্লো আনচেলত্তি। ডাগ-আউট সামলেছেন তার ছেলে ডেভিড। ফাউল করে এমবাপ্পে লাল কার্ড দেখায় আনচেলত্তি জুনিয়রের কোনো আপত্তি নেই, ‘হ্যাঁ, এটা লাল কার্ডই ছিল এবং সে (এমবাপ্পে) তার শাস্তি পেয়েছে। সম্ভবত ম্যাচের শুরু থেকে তাকে করা ছোট ছোট ফাউলের চাপ থেকেই এমন প্রতিক্রিয়া এসেছে। এটা সঠিক প্রতিক্রিয়া নয়, কিন্তু হয়ে গেছে আর কী!’

ক্লাবের সূত্রের বরাত দিয়ে ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ম্যাচ শেষে এমবাপ্পে নিজে গিয়ে আন্তোনিও ব্ল্যাঙ্কোর কাছে ক্ষমা চেয়েছেন। তবে ক্ষমা চেয়েও তিনি হয়তো শাস্তি থেকে বাঁচতে পারবেন না। এই লাল কার্ডের জন্য এমবাপ্পেকে কত ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়- সেটাই দেখার। উল্লেখ্য, লা লিগায় বার্সেলোনার সমান ৩১ ম্যাচ খেলেও বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে আছে রিয়াল।