উইকেট শিকারের জন্যই রিশাদকে নিয়েছি: আফ্রিদি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১২:১৮ পিএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্মরণীয় অভিষেক হলো রিশাদ হোসেনের। বাংলাদেশের এই লেগ স্পিনার লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন। ম্যাচ জয়ের পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন শাহিন আফ্রিদি।

রিশাদের পারফরম্যান্স নিয়ে লাহোরের অধিনায়ক আফ্রিদি বলেন, 'আজ পরিকল্পনার বাস্তবায়ন সঠিক ছিল এবং সবাই ভালো করেছে। আমরা এমন একজন বোলারকে নিতে চেয়েছিলাম যে মাঝের ওভারে উইকেট নেয়। তাই আমরা রিশাদকে বেছে নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত ভিসের কিছুটা চোট ছিল।'

পাকিস্তানের এই তারকা পেসার আরও বলেছেন, 'রিশাদই সেরা বিকল্প ছিল কারণ আসিফ আফ্রিদি তখন নতুন বলে বোলিং করছিলেন। বিলিংস একজন ৩৬০ ডিগ্রী প্লেয়ার এবং তার রান করার ক্ষমতা আছে। আমরা আশা করেছিলাম যে সে ভালোভাবে শুরু করবে এবং শেষ করবে।'

উল্লেখ্য, ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ৭ রান দেন রিশাদ। ফিরতি ওভারে এসে রাইলি রুশোর (১৯ বলে ৪৪) ছক্কা খেয়ে পরের বলেই তাকে বোল্ড করে দেন। নিজের কোটার শেষ ওভারে মোহাম্মদ আমির এবং আবরার আহমেদকে ফিরিয়ে আরও দুই শিকার ধরেন রিশাদ। কোয়েটা শেষ পর্যন্ত ১৬.২ ওভারে অলআউট হয়। আগামী মঙ্গলবার রিশাদরা মাঠে নামবে করাচি কিংসের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত