জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উপলক্ষে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আনন্দ শোভা যাত্রা বের করা হয়।
শোভা যাত্রায় জেলা প্রশাসন, বিএনপিসহ অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করেন। পরে দিনব্যাপী মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সহ সরকারি বেসরকারি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী, জেলা জাসাস সহ ১৯টি সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে।
এছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে পান্তা, চিড়া-দইসহ বাঙ্গালী খাবারের আয়োজন করা হয়। বৈশাখ কে কেন্দ্র করে দুইদিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মিঠাই মিষ্টান্নসহ গ্রামীণ ঐতিহ্যের বেশ কিছু স্টল অংশ নিয়েছে।