বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি ও তার স্ত্রী জাহেরা চাভোশি সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহাসিক খেরুয়া মসজিদ পরিদর্শন আসেন। ঐতিহাসিক এ ধর্মীয় স্থাপনাটি ঘুরে দেখার পাশাপাশি এর স্থাপত্যশৈলী ও ইতিহাস সম্পর্কে অবগত হন।
ইরানের রাষ্ট্রদূতকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব গাজি সালাউদ্দীন তানভীর, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াসিন আলী হিমেলসহ আরো অনেকে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ জানান, খেড়ুয়া মসজিদ পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইরানের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করবে।
উল্লেখ্য, ১৫৮২ খ্রিস্টাব্দে নির্মিত খেরুয়া মসজিদ মুঘল স্থাপত্যের অন্যতম দৃষ্টিনন্দন নিদর্শন। মসজিদটি ইসলামী ঐতিহ্য ও ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।