ছাত্রদল নেতা হত্যা মামলায় ২ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তাররা হলেন—এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল (৪৬) এবং সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক জামাল মীর (৫৫)।

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

এজাহারভুক্ত ৪ নম্বর আসামি জাহিদ হোসেন জহুরুলকে গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা এলাকা থেকে র‌্যাব-২ এবং মামলার ২৫ নম্বর আসামি জামাল মীরকে মঙ্গলবার সকালে এনায়েতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত ১৮ মার্চ বিকেলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন। পরদিন ১৯ মার্চ সন্ধ্যায় ঢাকার একটি ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ ২২ মার্চ রাতে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এনায়েতপুর থানা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদার, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, সদস্য সচিব কালাম শিকদার, যুবদল নেতা জহুরুল ও ছাত্রদল নেতা কামরুল হাসান সোহাগ শিকদারসহ ২৮ জনের নাম উল্লেখ করে আরও ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।