জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন বাংলাদেশি কোচ সোহেল ইসলাম। পাকিস্তানি কোচ মুশতাক আহমেদকে আপাতত বিশ্রামে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার অনুপস্থিতিতে স্পিনারদের গাইড করবেন সোহেল।
পুরোপুরি নতুন নন এই দায়িত্বে। অতীতে জাতীয় দলের স্পিন কোচের ভূমিকায় দেখা গেছে তাকে। ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ টাইগার্সের সঙ্গেও কাজ করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করে জানান, 'এই সিরিজে মুশতাক আহমেদকে বিশ্রামে দেওয়া হয়েছে। তার জায়গায় স্পিন কোচ হিসেবে থাকছেন সোহেল ইসলাম।'
স্পিন কোচের পরিবর্তনের পাশাপাশি ফিল্ডিং বিভাগেও এসেছে নতুন মুখ। জিম্বাবুয়ে সিরিজের আগেই ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছেন জেমস প্যামেন্ট। পেস বোলিং কোচ নিয়েও আলোচনা চলছে বোর্ডে।
রবিবার থেকে সিলেটে শুরু হয়েছে টাইগারদের ক্যাম্প। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ২০ থেকে ২৪ এপ্রিল। দ্বিতীয় টেস্ট হবে ২৮ এপ্রিল থেকে ২ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
সিরিজ শুরুর আগে প্রস্তুতি ক্যাম্পে ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি নতুন কোচদের পর্যবেক্ষণেও থাকবে বোর্ডের নজর। মাঠে নামার আগে সব বিভাগে ইতিবাচক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চায় টাইগাররা।
