পঞ্চগড়ে হাজার শয্যার হাসপাতাল চাইলেন শরীফুল

সামনেই জিম্বাবুয়ে সিরিজ। তার আগে জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার শরীফুল ইসলাম আলোচনায় এলেন ভিন্ন এক কারণে। নিজের জেলা পঞ্চগড়ে একটি হাসপাতাল চেয়ে তিনি ফেসবুকে পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি তুলে ধরেছেন পঞ্চগড়ের মানুষের দুর্ভোগের কথা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শরীফুল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি যখন ছোট ছিলাম, পঞ্চগড়ের এই মাটিতে; বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সাথে এমন কিছু কঠিন সময়ও দেখেছি, যা আজও আমাকে ব্যথিত করে। আমার চোখের সামনেই গুরুতর অসুস্থ মানুষদের রংপুর বা দিনাজপুর নিয়ে যাওয়ার পথে মারা যেতে দেখেছি। কারণ পঞ্চগড়ে এমন কোনো বড় হাসপাতাল নেই, যেখানে তারা তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারত।’

শরীফুল আরও লিখেছেন, ‘আজও পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি। গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা দিনাজপুরে ভালো চিকিৎসার জন্য যেতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়। অনেক সময় এই দীর্ঘ যাত্রাপথ রোগীদের জন্য হয়ে ওঠে মৃত্যুর কারণ। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পঞ্চগড়ে একটি ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। এটি শুধু রোগীদের জীবন বাঁচাবে না, বরং পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবার মানে বৈপ্লবিক পরিবর্তন আনবে। #১০০০_শয্যা_বিশিষ্ট_হাসপাতাল_পঞ্চগড়ে_চাই_।’