আশায় ছিলাম বিশ্বকাপে অন্তত একটা ম্যাচ খেলব: শরীফুল

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৪:৪৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্মের তুঙ্গে ছিলেন পেসার শরীফুল ইসলাম। কিন্তু ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপে প্রথম ম্যাচের জন্য ফিট ছিলেন না। বিস্ময়কর ব্যাপার হলো, এরপর বাংলাদেশ আরও ৭টি ম্যাচ খেললেও একাদশে সুযোগ হয়নি শরীফুলের। এলপিএল খেলতে শ্রীলঙ্কা যাওয়ার আগে এই পেসার জানালেন, বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে না পারার কষ্ট আছে তার।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সাংবাদিকদের তিনি বলেন, “'আফসোস বলতে…কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে তো আর কিছু করার নাই। খুব আশায় ছিলাম যে একটা ম্যাচ (অন্তত) খেলব। তো এইখানে একটু কষ্ট লাগা আরকি। আমি সব ম্যাচের জন্যই প্রস্তুত ছিলাম। এখন দলের সমন্বয়ের কারণে…(একাদশে সুযোগ আসেনি)। সবাই খুব ভালো করছিল, তো তার জন্য ম্যাচ পাওয়া হয়নি। এলপিএলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। অনেক দিন ধরে ম্যাচ খেলা হচ্ছে না। তো সেক্ষেত্রে যাতে এখানে ম্যাচ খেলে আগের মতো ফিরতে পারি।”

গতবছর কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন শরীফুল। এবারের আসরের ড্রাফটে তিনি দল পাননি শরীফুল। পরে পাকিস্তানের পেসার মোহাম্মদ আলীর বদলি হিসেবে তাকে ডাকা হয়েছে। শরিফুলের দল ক্যান্ডি ইতোমধ্যে ২ ম্যাচ খেলে জয় পেয়েছে একটি। তাদের পরবর্তী ম্যাচ ৬ জুলাই বিকাল সাড়ে তিনটায়। এলপিএল নিয়ে শরিফুল বলেন, “শেষবার যখন গিয়েছি, তখন এক ম্যাচ খেলতে পেরেছিলাম। এবারে আশা করছি ভালো কিছু হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত