শিক্ষার্থী মারধরের ঘটনায় চবির প্রধান ফটকে তালা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকেই শিক্ষার্থীদের বন্ধ ফটকের সামনে অবস্থান করতে দেখা যায়। 

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ঘটনায় জড়িতদের বিচার চেয়ে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন।  ‘স্থানীয়রা মারলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ সংশ্লিষ্ট পোস্টার দেখা যায় শিক্ষার্থীদের হাতে।

জানা যায়, সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধর করা হয়। তিনি হলেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতানুল আরেফিন। এই ঘটনার জেরে মধ্যরাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও স্থানীয়দের দ্বারা হামলা মারধরের শিকার হয়েছেন শিক্ষার্থীরা। কিন্তু কোনো বিচার হয়নি।

ভুক্তভোগী শিক্ষার্থী সুলতানুল আরেফিন বলেন, আমি রেলক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এ সময় একটা সিএনজি আমার পায়ের ওপর চাকা উঠিয়ে দেয়। তখন সিএনজি ড্রাইভারের সঙ্গে আমার কিছুটা বাগবিতণ্ডা হয়। এরপর বাইরে থেকে কিছু ছেলে এসে আমার বাইকের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখা দেখেই গালাগালি ও মারধর শুরু করে।

জানতে চাইলে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমাদের প্রক্টরিয়াল বডি বিষয়টি শুনেছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ঘটনাস্থলে গিয়েছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।