বগুড়ায় শিশুখাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণের অপরাধে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের দড়িপাড়া এলাকার সুরমা ফুডস অ্যান্ড বেভারেজে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।
জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের দড়িপাড়া এলাকার সুরমা ফুডস অ্যান্ড বেভারেজ অস্বাস্থ্যকর পরিবেশে এবং অনিবন্ধিত অবস্থায়, মিথ্যা ঘোষণায় এডিবল জেল, আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস জাতীয় শিশুখাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অনিবন্ধিতভাবে শিশুর বিভিন্ন ধরণের খাদ্য তৈরির অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩২(খ) ধারা অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুরমা ফুডস অ্যান্ড বেভারেজে বগুড়া জেলা প্রশাসনে সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় বগুড়া পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক শাহ আলী ও জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।