শাহরাস্তি

ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া জনতা ব্যাংক পিএলসি’র কর্মকর্তা রাকিব হাসান (২৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সূচিপাড়া বাজারে আপন প্লাজা (আব্দুর জব্বারের বিল্ডিং) ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষ থেকে উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।

রাকিব হাসান শরীয়তপুর জেলার জাজিরা থানার পাঁচুখার কান্দি এলাকার সিরাজ সরদারের ছেলে। তিনি জনতা ব্যাংক পিএলসি শাহরাস্তি সূচিপাড়া বাজার শাখার লোন অফিসার ছিলেন । তিনি আপন প্লাজার পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষে ভাড়া থাকতেন।

নিহত রাকিব হাসানের সহপাঠি নাজিম উদ্দীনের বরাতে পুলিশ জানায়, রাকিব সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টা পর্যন্ত তার সঙ্গে স্বাভাবিক কথাবার্তা শেষে ঘুমিয়ে পড়ে। সকাল ৮টার দিকে রাকিব কক্ষের দরজা না খোলায় সন্দেহ হলে স্থানীয় লোকজনের সহায়তা শাহরাস্তি থানায় সংবাদ দেন।

এদিকে এই সংবাদ পেয়ে শাহরাস্তি থানার ওসি, এসআই আইয়ুব খান এবং ফায়ার সার্ভিসের সদস্যসহ বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সিলিং রডের সঙ্গে ঝুলন্ত অবস্থা ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করে।

শাহরাস্তি থানার ওসি আবুল বাসার বলেন, এই ঘটনায় স্থানীয় জনসাধারণ এবং জনতা ব্যাংক সূচিপাড়া শাখার সদস্যদের মধ্যে সন্দেহ ক্ষোভ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নজরদারি অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।