নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর, কৃষ্ণপুর ও হায়াতপুর গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার রসুলপুর গ্রামের সমর মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২), কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবীর মিয়া (৪৫) ও হায়াতপুর গ্রামের রাখাল সরকার (৬৬)। এছাড়া রসুলপুর গ্রামের হামিদ মিয়ার ছেলে আহত রানু মিয়া (৪৫) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশে মেঘ দেখে বিকেলে বাড়ির সামনে শুকাতে দেয়া খড় জমা করছিলেন নিজাম উদ্দিন। এসময় হঠাৎ বজ্রপাত এসে পড়ে তার শরীরে। এতে ঘটনাস্থলে নিজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় পাশে থাকা রানু মিয়া গুরুতর আহত হন। পরে রানু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

একই উপজেলার ছায়ার হাওরে বজ্রপাতের ঘটনায় কবীর মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হলে পথেই তিনি মারা যান। এ ছাড়াও বিকেলে উপজেলার হায়াতপুরে বজ্রপাতে মারা যান রাখাল সরকার নামে আরেক কৃষক নিহত হয়েছেন। তিনি বাড়ির সামনের হাওর থেকে গরু আনার জন্য গিয়েছিলেন।   

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসনের পক্ষ থেকে বজ্রাঘাতে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন।