রাজধানীর মিরপুর-১১ সেকশনের একটি বাসা থেকে এক কোটি ২ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ সাথী আক্তার রিক্তা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার ১৫ এপ্রিল) বিকেলে মিরপুর- ১১ সেকশনের ৫ নম্বর এভিনিউয়ের ১৬ নাম্বার রোডের একটি বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়। এ সময় ৩৪ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ডিএনসি'র ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. মানজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবার একটি বড় চালান টেকনাফ হতে ঢাকায় প্রবেশ করেছে এমন তথ্যের ভিত্তিতে মিরপুরের ওই বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রিক্তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বামী মো. সানজিদ হোসেন ও সে মিলে ভাড়াকৃত ফ্ল্যাট বাসায় মাদক বাণিজ্য করে আসছিল।
তিনি আরও জানান, এ দম্পতি টেকনাফে গিয়ে ইয়াবার বড় চালান সংগ্রহ করে ঢাকা ও আশে পাশের এলাকায় পাইকারী সরবরাহ করে আসছিল। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় মামলা দায়ের করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।