রাজধানীর খিলক্ষেতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬ কেজি সিসা ও সিসা সেবনের সরঞ্জামসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১১ ডিসেম্বর ওই ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আজিজুর রহমান (৪৩), মিন্টু চন্দ্র পাল (৪২), মো. ওয়াসিম মিয়া (৩৬), মো. হৃদয় (২০), মো. আরিফ (২১), মো. মুন্না (২০), মো. ইব্রাহীম খলিল (২৮), মো. টুটুল কাজী (৩৫) ও সাইফুল ইসলাম (৩৭)।
খিলক্ষেত থানা জানায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে গোপন খবরে পুলিশ জানতে পারে খিলক্ষেতের একটি বাসায় দুইজন ব্যক্তি সিসা ও সিসা সেবনের সামগ্রী বিক্রয়ের জন্য অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে আজিজুর রহমান ও মিন্টু চন্দ্র পালকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি সিসা, ৯৫০টি ওয়ান টাইম পাইপ, ৭০টি স্প্রিং হোলস পাইপ, ৭০টি সিলিকন হেড ও পাঁচটি সিসা স্ট্যান্ড উদ্ধার করা হয়।
এছাড়া ওই রাতে খিলক্ষেত থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মমালা ও বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেপ্তার করে।
ওসি মোহাম্মদ আব্দুল আলীম জানান, মাদকের বিরুদ্ধে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
