দিনাজপুরে বোনের বাড়ী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরকে গ্রেপ্তার
করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, তিনি দেড় মাস ধরে ঈদগাহ আবাসিক এলাকায় বোনের বাড়ীতে লুকিয়ে ছিলেন।

এর আগে মঙ্গলবার রাত ৯টায় ঈদগাহ আবাসিক এলাকার দীবা গার্ডেন নামে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে
সন্ধ্যার পর থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ীতে ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার শাহ সারোয়ার কবীর গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে চলে যান শাহ সারোয়ার কবীর। তার বিরুদ্ধে গাইবান্ধায় দুইটি মামলা রয়েছে। গত ১
মার্চ থেকে তিনি দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় তার বোন প্রফেসর আফরোজা পারভিন কবীরের বাসাতেই অবস্থান করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে এই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, শাহ সারোয়ার কবীরের বিরুদ্ধে গাইবান্ধা থানায় দুটি মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, শাহ সারোয়ার কবীর ২০২৪ সালের নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে ট্রাক প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার আগে
তিনি সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।