মিরপুরে ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১১:৩০ এএম

রাজধানীর মিরপুরের শাহআলী থানার রাইনখোলা এলাকায় এক ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন রকি (২৫)। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে গুলির কোনো অস্তিত্ব মেলেনি।

ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাইনখোলা ঈদগাঁ মাঠের পাশের পানির ট্যাংকির কাছে।

জানা গেছে, মিরপুর-১ নিউ সি ব্লক এলাকায় বসবাসকারী সাজ্জাদ হোসেন ওই এলাকাতেই ইন্টারনেট ব্যবসা পরিচালনা করেন। তার বন্ধু শান্ত ইসলাম জানান, রাতে তারা তিন বন্ধু মিলে চা খেতে বের হয়ে যুবদল অফিসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সেখানে একটি মারামারির ঘটনা চলছিল এবং হঠাৎ করে ৩-৪ জন যুবক এলোপাতাড়ি গুলি ছোড়ে। একপর্যায়ে সাজ্জাদের পিঠে একটি গুলি লাগে বলে ধারণা করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

শান্ত আরও জানান, রাতেই ঢামেকে সাজ্জাদের অস্ত্রোপচার হয়। চিকিৎসকদের ধারণা, পিঠ দিয়ে ঢুকে গুলিটি বুক ভেদ করে বের হয়ে গেছে, যদিও শরীরে গুলির কোনো সরাসরি চিহ্ন মেলেনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত সাজ্জাদ বর্তমানে হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত