চীনের অর্থায়নে বাংলাদেশে নির্মিতব্য ১০০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মানববন্ধন ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক মোড়ে ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও নারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, পঞ্চগড় দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জেলা। এখানকার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড়বাসীকে দিনাজপুর কিংবা রংপুরে ছুটতে হয়। ফলে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে সাধারণ মানুষের।
তারা আরও বলেন, চীনের অর্থায়নে নির্মিতব্য ১০০০ শয্যার হাসপাতালটি যদি পঞ্চগড়ে স্থাপন করা হয়, তবে উত্তরাঞ্চলের চিকিৎসা ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন আসবে। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করা জরুরি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে সরকারকে হাসপাতাল স্থাপন বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেওয়া হয়। প্রয়োজনে জনগন অনশন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন।