মাদারীপুরে বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত কৃষকের মুখ

মাদারীপুরের কালকিনিতে কাজ করতে গিয়ে জমিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে মো. মোশারফ কাজী (৬৫) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বৃদ্ধ উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামের কাশেম কাজীর ছেলে। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাযায়, কৃষক মোশারফ কাজী তার বাড়ির পাশের কৃষি জমিতে কোদাল নিয়ে কাজ করতে যায়। এসময় ওই জমিতে দুর্বৃত্তদের পুতে রাখা একটি বোমা কোদালের কোপ লেগে হঠাৎ করে বিস্ফোরিত হয়। এতে বোমার আঘাতে মোশারফের মুখমণ্ডল ও সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতের ছেলে মো. সোহেল জানান, জমির ঘাসের মধ্যে কে বা কারা যেন বোম লুকিয়ে রাখে। আমার বাবা জমিতে কাজ করতে গেলে কোদালের আঘাতে ওই বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়েছে। বিষয়টি থানায় অবহিত করেছি। 

এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এবং এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।