‘হার্টবিট বেড়ে গেছে, এই বয়সে এমন ম্যাচ দেখতে চাইনা’

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম

আগের ম্যাচে যে দল ২৪৫ রান তুলেও জিততে পারেনি, সেই পাঞ্জাব কিংস গতকাল মাত্র ১১১ রানের পুঁজি নিয়ে হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে। তার ওপর পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার গত আসরে কলকাতার শিরোপাজয়ী অধিনায়ক ছিলেন। রুদ্ধশ্বাস ম্যাচের পর পাঞ্জাবের কোচ রিকি পন্টিং বললেন, এই বয়স এমন উত্তেজনা তিনি আর নিতে পারছেন না!

অল্প পুঁজি নিয়েও ১৬ রানের জয় পেয়েছে পাঞ্জাব। আন্দ্রে রাসেলের আউটে ম্যাচ শেষ হতেই ডাগআউটে লাফিয়ে উঠেন পন্টিং। তারপর শুরু হয় বাঁধভাঙা উদযাপন। একপর্যায়ে দর্শকদের কাছে গিয়ে তাদের সঙ্গী করেই উল্লাস চলতে থাকে। এসবের ফাঁকে পন্টিং একবার বলেন, ‘আমার হার্টবিট বেড়ে গেছে! সম্ভবত দুইশর বেশি! এই পঞ্চাশোর্ধ বয়সে এমন ম্যাচ আর খুব বেশি দেখতে চাই না।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে এমন অনেক রোমাঞ্চের সাক্ষী হয়েছেন অজি কিংবদন্তি পন্টিং। তবে গতকাল যেন নতুন করে সেই স্বাদ নিলেন, ‘খেলাটি যে কতটা মজার, সেটা আবারও প্রমাণিত হলো। তিন দিন আগে ২৪৫ রান করে জিততে পারিনি আমরা, আজ (গতকাল) ১১১ রান নিয়েও ১৬ রানে জিতে গেলাম। ইনিংস বিরতিতে ছেলেদের বলেছিলাম, উইকেট সহজ নয়। ছোট রান তাড়া করাও মাঝেমধ্যে কঠিন হয়ে উঠতে পারে। যদি আমরা জিততে পারি, সম্ভবত সকলের ক্যারিয়ারের সেরা জয়গুলোর মধ্যে থাকবে। সেটিই হয়েছে। আইপিএলে অনেক কোচিং করিয়েছি, তবে এটাই আমার দেখা সেরা জয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত