দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে কাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।
তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেননি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল (বৃহস্পতিবার) রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি।
বুধবার সকাল থেকে আন্দোলনকারীরা মাঠে থাকলেও দুপুরের পর বৃষ্টি আসায় অনেকে মাঠ ছেড়ে দেন। পরে তারা আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থান নেন। তবে কিছু শিক্ষার্থী বৃষ্টিতে ভিজেই সড়ক অবরোধ অব্যাহত রাখেন।
এর আগে, দুপুরের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তার মোড়ে ফ্লাইওভারের নিচের অংশে জোহরের নামাজ আদায় করে। সকাল থেকে আন্দোলনের খবর ছড়িয়ে পড়লে তাদের সাথে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা ঘোষণা দেন- দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না তারা। দরকার হলে কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা দেবেন।