চা বাগানে আড্ডার মাঝেই তরুণকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পিএম

সিলেটে চা বাগানের ভেতরে ছুরিকাঘাতে এক তরুণ খুন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে সিলেট নগর সংলগ্ন দলদলি চা বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই একজনকে আটক করেছে পুলিশ।

নিহত তুষার আহমদ চৌধুরী (২০) সিলেট নগরীর রায়নগরের অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে। তুষার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।  আটক জাভেদ আহমদ (২১) নগরীর শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ ৪১ নং বাসার মৃত সমছু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তুষার, জাভেদসহ ১৫-২০ জন তরুণ-কিশোর সন্ধ্যার পরে দলদলি চা বাগানে গিয়ে নিয়মিত আড্ডা দিতো। মঙ্গলবার সন্ধ্যার পরেও তারা সেখানে যায়। এদের কেউ কেউ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মঙ্গলবার রাত ৯টার দিকে পূর্ব বিরোধের জেরে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তুষারের পিঠে ছুরিকাঘাত করে অন্যরা পালিয়ে যায়। রক্তাক্ত তুষার দীর্ঘক্ষণ সেখানে পড়ে ছিলেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বেসরকারি হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

ওসি আরও জানান, ঘটনার পর মঙ্গলবার রাতেই নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার একটি বাসা থেকে জাভেদ আহমদকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাভেদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় আরও দুইজন জড়িত বলে জানিয়েছে। ওই দুইজনকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত