শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে গ্রাহকের আস্থার শীর্ষে অবস্থান করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি। বর্তমানে ব্যাংকটির গ্রাহক সংখ্যা ৩৬ লাখ এবং আমানতের পরিমাণ সাড়ে ৫২ হাজার কোটি টাকা। ব্যাংকটি বিনিয়োগ বিতরণ করেছে সাড়ে ৪৯ হাজার কোটি টাকা। শিগগিরই এটি ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।
দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য, রেমিট্যান্স সংগ্রহ, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, সিএলআর, এসএলআর সংরক্ষণ, এডি রেশিও পরিপালনসহ ব্যাংকিংয়ের সবগুলো সূচকেই এ ব্যাংক সেরা অবস্থানে রয়েছে। ব্যাংকের বার্ষিক প্রতিবেদন ও ২০২৫ সালের মার্চভিত্তিক অনিরীক্ষিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। এ ছাড়া ৩০ বছরের ব্যাংকিং পথচলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একটি চেকও বাউন্স হয়নি এবং বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ কোনো আর্থিক সুবিধা গ্রহণ করেনি। গ্রাহককে উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি ব্যাংকটি এখন দেশের প্রধান শরিয়াহ্ পালনকারী ব্যাংক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, শরিয়াহ্ পরিপালনে একাগ্র নিষ্ঠা এবং গ্রাহকসেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে দেশের একটি আদর্শ ব্যাংকের রূপরেখা সৃষ্টি করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। ব্যাংকের সার্বিক উন্নয়ন ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে, বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যাংকের ‘গুড গভর্ন্যান্স’ বা করপোরেট সুুশাসন প্রতিষ্ঠার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাদের এই উদ্যোগের ফলে বর্তমানে ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের এই শরিয়াহ্ভিত্তিক ব্যাংকটি একটি টেকসই উন্নয়নের ধারায় দ্রুত এগিয়ে চলেছে। একই সঙ্গে ব্যাংকটি প্রযুক্তিনির্ভর সেবা প্রদানের লক্ষ্যে নতুন নতুন অটোমেশন প্রযুক্তি সংযোজন করে চলেছে। এসব উদ্যোগে ব্যাংক পরিচালনায় গতিশীলতা বৃদ্ধি পেয়েছে এবং গ্রাহকসেবার মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যার ফলশ্রুতিতে বর্তমানে ব্যাংকটি সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে অত্যন্ত সুদৃঢ় অবস্থান ধরে রেখে সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলেছে।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার শুরু থেকেই শরিয়াহ্ পরিপালনের ক্ষেত্রে কঠোর অবস্থানে ছিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। দেশের সেরা উলামা-মাশায়াখদের নেতৃত্বে গঠিত শরিয়াহ্ কাউন্সিলের সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গ্রাহকদের নিকট ব্যাংকটি আজ দেশের প্রধান শরিয়াহ্ পালনকারী ব্যাংক হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে।
একই সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে নিশ্চিত করেছে সর্বাধুনিক ব্যাংকিং সেবা। এ অনন্য বৈশিষ্ট্যের কারণেই দেশের অর্থনীতির অন্যতম শক্তি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিভিন্ন আর্থিক সূচকে শীর্ষে উঠে এসে নতুন নতুন মাইলফলক স্থাপন করেছে। বর্তমানে দেশ জুড়ে এ ব্যাংকের ২২৬টি শাখা, ৮৬টি উপশাখা, ৭৫০টি এজেন্ট আউটলেট, ২৩০টি এটিএম বুথের বিশাল নেটওয়ার্ক রয়েছে।
২০২৪ সালে ব্যাংকটির মুনাফার পরিমাণ ছিল ৯৪৫ কোটি টাকা। পরিচালন মুনাফা অর্জনের দিক দিয়ে ইসলামি ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংকটি।