চট্টগ্রামের ফটিকছড়িতে একরাম চৌধুরী নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছাত্রদল নেতা ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক। গাড়িপ্রতি ৫০০ টাকা চাঁদা দাবির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গত শনিবার তাকে কারণ দর্শানোর নোটিস দেয় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল।
ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গেছে, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরী এক বালু ব্যবসায়ীর সঙ্গে গাড়িপ্রতি চাঁদা নিয়ে দর-কষাকষি করছেন।
এ বিষয়ে জানতে চাইলে অডিও ক্লিপটি নিজের নয় বলে দাবি করেছেন ফটিকছড়ি পৌরসভা ছাত্রদল সভাপতি একরাম চৌধুরী। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব ঘটনায় আমি ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি করেছি।’ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বলেন, ‘পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরীর বিরুদ্ধে আমরা প্রাথমিক একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।’