মেয়েকে ধর্ষণের দায়ে বাবার ফাঁসি

চুয়াডাঙ্গায় কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে তার বাবা আলতাপ হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আলতাপ হোসেন (৪৬) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের মৃত সাদেক আলী মৃধার ছেলে। তিনি ঘরজামাই হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা হুদাপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী গাংনী ইউনিয়নে ওই কিশোরীকে বিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েক দিন পর পেটে ব্যথা ও বমি বমি ভাব হলে পরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনি দু-তিন মাসের অন্তঃসত্ত্বা। ২০২৩ সালের ৫ ডিসেম্বর মেয়েটির বাবা ঘরে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে হত্যার ভয় দেখিয়ে দু-তিন মাসে তাকে সাত-আটবার ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলাটি করেন।