আড়াইহাজার থানার ওসির বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সালাউদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি এই অভিযোগ দেন। গতকাল বুধবার গণমাধ্যমের কাছে বিষয়টি প্রকাশ করেন তিনি।

অভিযোগকারী সালাউদ্দিন মোল্লা জানান, গত ১১ এপ্রিল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামে অনুমোদনহীন বাউল গানের আসরে সাদা পোশাকে রাতভর নাচগান করেন ওসি। অনুষ্ঠানটি বন্ধ রাখার কথা থাকলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে অনুষ্ঠান চালানোর অনুমতি দেন তিনি। পরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে দ্রুত সটকে পড়েন ওসি। এ ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এর আগে আড়াইহাজার থানার ওসির বিরুদ্ধে পুলিশ মহাপরিদর্শক বরাবর অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ করেন বিএনপি নেতা রিয়াজুল ইসলামের স্ত্রী আনোয়ারা আক্তার বেবী। অভিযোগে আনোয়ারা আক্তার জানান, একটি ঘটনায় আড়াইহাজার থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ না নিয়ে উল্টো মোটা অঙ্কের টাকা দাবি করেন ওসি এনায়েত হোসেন।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ওসি এনায়েত হোসেন বলেন, ‘রাজনৈতিক বিরোধের কারণে এখন আমাকে দায়ী করছেন তারা।’