বেতন বোনাসের দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শতাধিক শ্রমিক।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জৈনা বাজার এলাকার ফুট ওভার ব্রিজের নিচে এ কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর একটি টিম গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, ঈদুল ফিতরের আগেই বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিয়ে কারখানা ছুটি ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ের পরও কারখানা না খোলায় তারা কাজে যোগ দিতে এসে দেখেন, ছুটি আরও বাড়ানো হয়েছে—তাও কোনো পূর্ব ঘোষণা ছাড়া। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করেন।

শ্রমিকদের দাবি, ঈদের বোনাস, দুই মাসের বকেয়া বেতন এবং নির্ধারিত সময় অনুযায়ী কারখানা খোলার নিশ্চয়তা দিতে হবে।

এ বিষয়ে কারখানার মালিক হুমায়ুন চৌধুরী বলেন, ‘কারখানায় কাজের অপ্রতুলতার কারণে সাময়িকভাবে ছুটি বাড়ানো হয়েছে। শ্রমিকদের দাবিগুলো দ্রুতই সমাধান করা হবে।’

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বিত উদ্যোগে আড়াই ঘণ্টা পর শ্রমিকরা সড়ক থেকে সরে আসেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।